বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পরপরই পৌঁছান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। রাত ৮টা ৫২ মিনিটে প্রথম হাসপাতালে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাত্র তিন মিনিট পর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে প্রবেশ করতে দেখা যায়। এরপর রাত ৯টা ১৬ মিনিটে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদও হাসপাতালে পৌঁছান।

তিন বাহিনীর প্রধানরা প্রায় ১০ মিনিট খালেদা জিয়ার খোঁজ নেওয়ার পর পর্যায়ক্রমে হাসপাতাল ত্যাগ করেন। তাদের আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফ প্রধান আগেই হাসপাতালে উপস্থিত হন, এবং তিন দিকের প্রবেশ পথের ৫০ গজ এলাকাজুড়ে স্থাপন করা হয় বেরিকেড। হাসপাতালের ভেতরে সাধারন প্রবেশাধিকারও সীমিত করা হয়।

এদিকে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুযোগ নেই। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন, তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না—সেটি বোর্ডের বিশেষজ্ঞদের মূল্যায়নের ওপর নির্ভর করবে।

তার ভাষায়, “যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন। তারা পরীক্ষা–নিরীক্ষার পর মত দিলে এবং যদি মনে হয় বিদেশে নেওয়া প্রয়োজন, তাহলেই আমরা ব্যবস্থা নেব। প্রস্তুতি আমাদের রয়েছে, তবে রোগীর বর্তমান অবস্থা এবং বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন