সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দেশে আসছে পেপ্যাল

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য আন্তর্জাতিক বাজারে সহজ লেনদেনের সুযোগ সৃষ্টি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই তথ্য জানান। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

গভর্নর বলেন, “বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এলসি খোলার মাধ্যমে পণ্য রপ্তানি করা জটিল হয়ে গেছে। পেপ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত বিদেশি মুদ্রা দেশে আনতে পারবেন।”

তিনি আরও জানান, “ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত মানুষ বর্তমানে আন্তর্জাতিক পেমেন্টে অনেক বিড়ম্বনার সম্মুখীন হন। অনেক সময় তারা তাদের পারিশ্রমিকও পান না। পেপ্যাল চালু হলে এই সমস্যার সমাধান হবে।”

পেপ্যাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যা ব্যবহারকারীদের অনলাইনে টাকা প্রেরণ ও গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার সুবিধা দেয়। এটি ব্যবহারকারীর ব্যাংক বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে সংযুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে।

ড্র. আহসান এইচ মনসুর নগদ লেনদেন কমানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, “দেশের দুর্নীতির একটি বড় কারণ হলো নগদ লেনদেন। বছরে নগদ টাকার ছাপানো ও ব্যবস্থাপনায় প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর উদ্যোগ গ্রহণ করেছে।”

এছাড়া, কৃষি খাতের ঋণের প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমানে মোট ঋণের মাত্র ২ শতাংশ কৃষিখাতে দেওয়া হচ্ছে। এটি ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ কোটি টন, যা স্বাধীনতার সময়ের ১ কোটি ৩০ লাখ টনের তুলনায় তিনগুণ বেশি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন