বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট।।

সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মহসীন রশিদ। পাশাপাশি ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

আদালত বলেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রশ্নে হাইকোর্টের সিদ্ধান্ত যথার্থ ও আইনসম্মত। তাই আপিল বিভাগ এতে হস্তক্ষেপের প্রয়োজন মনে করেনি। ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির জানান, আপিল বিভাগের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এখন আর কোনো সন্দেহ বা প্রশ্ন তোলার সুযোগ নেই।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিলের আদেশ ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। পরে হাইকোর্ট রিট খারিজ করে বলে, জনগণের গ্রহণযোগ্যতা পাওয়ায় সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই তিনি আপিল বিভাগে যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন