মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, প্রথম হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন

ডেস্ক রিপোর্ট।।

হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে কৃষ্ণ নন্দী নামে এক ব্যবসায়ীর নাম চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক স্থানীয় নেতা এবং কৃষ্ণ নন্দী নিজেও।

জানা গেছে, কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি। ডুমুরিয়ার চুকনগর এলাকায় তাঁর বাড়ি এবং সেখানে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। রাজনীতিতে তিনি আগে আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

গণঅভ্যুত্থানের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর থেকেই জামায়াতের মঞ্চে দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য দিতে এবং প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাঁকে।

প্রার্থী হওয়ার বিষয়ে যমুনা টেলিভিশনকে কৃষ্ণ নন্দী বলেন, “অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং আগামীকাল থেকেই মাঠে প্রচার কার্যক্রম শুরু করবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন