মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় জানালেন ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতেই অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যাত্রার সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, “খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আমাদের আশাবাদী করছে। ইনশাআল্লাহ তিনি আবারও সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরবেন। যাত্রাপথে তার নিরাপত্তা ও চিকিৎসা সুনিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার সঙ্গে থাকবে।”

জাহিদ হোসেন আরো বলেন, “মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাতার এয়ারলাইন্সের মাধ্যমে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রয়োজনীয় সব ব্যবস্থাই প্রস্তুত রাখা হয়েছে।”

তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছিল, বেগম খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন হলে তাদের আমিরের বিমান—কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত আছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন