বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থাপনায় ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জন তার সঙ্গে যাবেন। সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক, মাসুদের রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১২ দিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর মধ্যে গত ৮ দিন ধরে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল হলেও উন্নতির কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। তবে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল নিশ্চিত করতে হাসপাতালের চতুর্থ তলায় তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্রম সচল রাখতে বুধবার বিকেলেও ডায়ালাইসিস করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রাখা হয়েছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

