বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার পরিকল্পনা আবারও পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা আসতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল 24-কে বলেন,
“ফ্লাইটে কিছু প্রযুক্তিগত জটিলতা দেখা দেওয়ায় আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সব ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড চূড়ান্ত অনুমতি দিলে রোববার তার লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন।”
বিএনপির মিডিয়া সেলও বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে দলীয় একটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। পরে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতামতের ভিত্তিতে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

