মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু হিসেবে পরিচিত।” ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসানের পর রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাণীটি প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দীর্ঘ আন্দোলনের পর অবসান হয়েছিল স্বৈরশাসন এরশাদের। ১৯৮২ সালে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে এরশাদ বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেন, যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়ে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলনের ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

তারেক রহমান যোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং বিজয় ছিনিয়ে আনে।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপর নিপীড়ন-নির্যাতনের অভিযোগ উল্লেখ করে তারেক রহমান দাবি করেন, দীর্ঘ কারাবরণ ও নির্যাতনের কারণে তার স্বাস্থ্যের অবস্থা আজ অত্যন্ত সংকটজনক। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তারেক রহমান আরও বলেন, বিগত সময়ে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির লাখো নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল।

তিনি ১৯৮২ থেকে ১৯৯০ সালের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি গণতন্ত্রের পক্ষে থাকা জনগণকে অভিনন্দন জানান এবং গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিগুলোকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন