মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

অবিরাম ‘নির্যাতনের কষাঘাতে’ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবিরাম ‘নির্যাতনের কষাঘাতে’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে রয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান ৬ ডিসেম্বরকে ‘অবিস্মরণীয় দিন’ উল্লেখ করে লেখেন, ১৯৯০ সালের এই দিনে সামরিক শাসন অবসান হয়েছিল এবং ছাত্র–জনতার আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। তিনি এরশাদ সরকারের অধিগ্রহণের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং দাবি করেন যে, দীর্ঘ নয় বছরের আন্দোলনে খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে “এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে” পরাস্ত করা হয়েছে। তারেক রহমানের অভিযোগ, শেখ হাসিনার সময়ে খালেদা জিয়ার ওপর জেল–জুলুম ও নিপীড়ন চালানো হয়েছিল এবং এর ফলেই তার শারীরিক অবস্থা আজ সংকটাপন্ন।

তিনি একইসঙ্গে ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন