জুলাইয়ের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ১১ জন স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরে জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ স্কাউটস জাতীয় এ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. আবরার বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউট ও আহতদের সাহসিকতা আমাদের নতুন স্বপ্ন দেখার শক্তি দিয়েছে। তাদের ত্যাগ আগামী প্রজন্মের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়—এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ চর্চা, দলগত নেতৃত্ব এবং দায়িত্বশীল নাগরিক তৈরির অনন্য প্রশিক্ষণ।”
দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকার প্রশংসা করে শিক্ষা উপদেষ্টা জানান, ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অগ্নিকাণ্ড—যে কোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে স্কাউটদের দেখা যায় সাধারণ মানুষের পাশে। স্কাউট আন্দোলনের বিস্তৃতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়েও তিনি গর্ব প্রকাশ করেন। বর্তমানে বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে এবং এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটিতে বাংলাদেশি স্কাউটরা নেতৃত্ব দিচ্ছেন। নারী সদস্যদের অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বেড়েছে উল্লেখ করে তিনি স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের উদ্দেশে ড. আবরার বলেন, “তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস ও মানবিকতার চর্চার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউটদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তী নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

