বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। যারা তার দেশে না ফেরার গুঞ্জন ছড়াচ্ছে তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব বক্তব্য দেন আমীর খসরু।
তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে। দল নির্বাচনে অংশ নেবে তার নেতৃত্বেই।” ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মত দেন তিনি।
এ সময় তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আবারও বিলম্বিত হয়েছে। তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, নির্ধারিত সময় অনুযায়ী লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না এবং নতুন তারিখও এখনো নিশ্চিত নয়।
বিএনপির চিকিৎসক দলের এক সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন অপরিবর্তিত আছে। দীর্ঘ ফ্লাইটের সক্ষমতা ও এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো—দুই দিকই বিবেচনায় রাখা হচ্ছে।
দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় নামার কথা থাকলেও সময়সূচি পরে পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়। সেখান থেকে ১০ ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা ছিল। তবে পূর্বের অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিমান কখন ছাড়বে তা সম্পূর্ণ নির্ভর করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।”
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, চোখসহ একাধিক জটিল রোগে ভুগছেন।
গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর সেদিনই তাকে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশীয় চিকিৎসকদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

