রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মিলন হোসেন (৩৯) এবং মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সায়েদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান করছে। খবর পেয়ে ওয়ারী বিভাগের একটি ডিবি টিম সেখানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। ওই সময় ধাওয়া দিয়ে মিলন ও শামিলকে আটক করা হয়।
তল্লাশিতে তাদের কোমরের পেছনে লুকানো দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

