বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিদেশি আমদানি আপাতত বন্ধ, আগে বিক্রি হবে দেশে উৎপাদিত চিনি: শিল্প উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের চিনিকলে উৎপাদিত চিনি বিক্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আদিলুর রহমান বলেন, “চিনিকলগুলোতে যে পরিমাণ চিনি মজুত আছে, তা টিসিবির মাধ্যমে বাজারে সরবরাহ করা হচ্ছে। চিনি উৎপাদনের পাশাপাশি বহুমুখী পণ্য উৎপাদন শুরু করলে চিনিকলগুলো আবার লাভজনক অবস্থায় ফিরবে।”

তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনও দেশের চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়ানো এখন জরুরি।

শিল্প উপদেষ্টা বলেন, “শুধু ভর্তুকির ওপর নির্ভর করে চিনিকল টিকিয়ে রাখা সম্ভব নয়। স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এখন মূল লক্ষ্য।”
এ বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলমান আছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক পণ্য উৎপাদনের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান আদিলুর রহমান। দেশীয় উদ্যোক্তাদের এই খাতে এগিয়ে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

উত্তরা গণভবন প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে অন্তত একটি সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন তা মানা হয়নি।
পরিদর্শনকালে নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন