নরসিংদীর শীলমান্দি এলাকায় এন. আর. নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে মিলটিতে আগুন লাগে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী সদর ও পলাশ স্টেশনের টিমসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কাজী নাজমুজ্জামান জানান, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে মিলের অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে গেছে। দিনের আলো ফোটার পর ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হতে শুরু করে।

