নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় মাধ্যমিক শিক্ষা কার্যালয় দীর্ঘ তিন বছর ধরে চরম জনবল সংকটে ভুগছে। বর্তমানে এই দপ্তরে একজন অফিস সহায়ক (পিয়ন) ছাড়া আর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। ফলে কার্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নৈশ প্রহরীসহ মোট সাতটি পদ রয়েছে। এর মধ্যে শুধু অফিস সহায়ক ও নৈশ প্রহরী দায়িত্বে আছেন, বাকি পাঁচটি পদ দীর্ঘ সময় ধরে শূন্য।
সর্বশেষ দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ২০২৩ সালের ১৪ নভেম্বর বদলি হওয়ার পর নতুন কর্মকর্তা পদায়ন করা হয়নি। অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলার শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী প্রধানত মদনে থাকায় খালিয়াজুরিতে কার্যক্রম সীমিত। অফিস সহায়ক খায়রুল আমিন সিকদার একাই সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস খুলে বিভিন্ন কাজ সামলাচ্ছেন।
স্থানীয় প্রধান শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারী না থাকায় শিক্ষা কার্যক্রমের তদারকি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুর রউফ স্বাধীন বলেন, “শুধু একজন পিয়ন অফিস খোলেন, এতে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে।”
অতিরিক্ত দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী ও জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেনও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮,২১৭ এবং তিন শতাধিক শিক্ষক নিয়োজিত। কর্মকর্তার অভাবে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

