মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে বর্তমানে অরাজকতা, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট, আর এসব সংকট মোকাবিলায় জনগণ ও গণতন্ত্র ছাড়া কার্যকর কোনো শক্তি নেই।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।

দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের নারী উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য খাতে যেকোনো উন্নয়ন পরিকল্পনা টেকসই করতে হলে আগে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা জরুরি।
তিনি দাবি করেন, এই কাজটি কেবলমাত্র বিএনপির নেতৃত্বাধীন সরকারই সফলভাবে করতে পারে।

আওয়ামীবিরোধী অবস্থানকে কেন্দ্র করে বিএনপিকে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন—
“স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপির দিকে অভিযোগ ছুঁড়ছেন। অথচ সেই সময় তাদের দুইজন সদস্য আমাদের সরকারে ছিলেন। এটি প্রমাণ করে, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে ঠিক কী অবস্থানে ছিলেন।”
তিনি যোগ করেন, বিএনপির বিরুদ্ধে আনা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি।

স্বৈরাচার পতনের সময় জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি সবসময়ই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
“আমরা বলেছিলাম— জনগণের কাছে যাবো, জনগণের রায়ই হবে আমাদের পথনির্দেশক। জনগণই ক্ষমতার উৎস, আমরা তাদের সামনে দাঁড়াতে প্রস্তুত,”— যোগ করেন তিনি।

দেশের অন্যান্য দলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “যারা বলে— এবার আমাদের দেখুন; জনগণ তাদের দেখেছে ১৯৭১ সালে— কেমনভাবে মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুট করেছে।”

তারেক রহমান রাজনীতিতে ধর্মীয় ব্যাখ্যা দেওয়ার প্রবণতাকে আক্রমণ করে বলেন,
“বেহেশত বা দোজখ দেয়ার মালিক কেবলই আল্লাহ। রাজনীতিতে এসব দাবি শিরকের সামিল।”

বিএনপি আগামী দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন