পার্থে দুই দিনে শেষ হওয়া দুর্বল ব্যাটিংয়ের ধারাবাহিকতা ব্রিসবেনেও কাটিয়ে উঠতে পারল না ইংল্যান্ড। চার দিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে অ্যাশেজ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে স্টোকসের দল।
প্রথম টেস্টে বোলাররা কিছুটা লড়াই দেখালেও ব্রিসবেনে ছিল তার উল্টো চিত্র। ব্যাট–বল দু’দিকেই নিষ্প্রভ ছিল সফরকারীরা। ফলে টানা দুই হার ইংল্যান্ডের দলের মানসিক দৃঢ়তা নিয়ে সমালোচনা ডেকে এনেছে।
দলের মানসিকতা নিয়ে প্রশ্নের মুখে অধিনায়ক বেন স্টোকস সাফ জানিয়ে দিয়েছেন—তার নেতৃত্বে খেলা মানে শক্ত মেজাজ ও দৃঢ়তা।
স্টোকস বলেন,
“অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়, আমিও এমন ড্রেসিংরুম চাই না। আমাদের খেলোয়াড়দের স্কিলে সমস্যা নেই, কিন্তু চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমাদের ঘাটতি আছে।”
তার মতে, ম্যাচে যখন তারা পুরো নিয়ন্ত্রণে থাকে বা খুব পিছিয়ে থাকে, তখন ইংল্যান্ড ভালো খেলছে। কিন্তু সমানে–সমান লড়াইয়ের সময় এগিয়ে যাওয়ার মানসিক শক্তি তারা দেখাতে পারছে না—এটাই বর্তমান দলের বড় সমস্যা।
চতুর্থ দিনে ৫০ রানের জন্য ১৫২ বল খেলে দলের হাল ধরেছিলেন স্টোকস, কিন্তু উইল জ্যাকস আউট হওয়ার পর ব্যাটিং ধসে পড়ে। মাত্র ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড অলআউট হয়।
অস্ট্রেলিয়া সহজেই ৬৫ রানের লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে।
স্টোকস পরে আরেক সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেন, তিনি কাউকে ‘দুর্বল’ বলতে চাননি; বরং মানসিক প্রস্তুতি নিয়ে দলের ভাবনার পরিবর্তনের কথাই বলেছেন। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেছেন—স্টোকসের এমন বক্তব্যের পর দলের কয়েকজনকে ‘প্রস্তুত’ হয়ে থাকা উচিত।

