বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ ও উড্ডয়নের অনুমতি ইতোমধ্যে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, একই দিন রাত ৯টার দিকে বিমানটি ঢাকা ত্যাগ করবে। তবে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের মূল্যায়ন অনুসারে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।
কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের কাছ থেকে ভাড়া করা হয়েছে বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল ক্ষমতার জন্য এ মডেলের বিমান বিশ্বব্যাপী পরিচিত।
চ্যালেঞ্জার ৬০৪ উচ্চতর গতি, স্থিতিশীলতা এবং পূর্ণাঙ্গ ইন-ফ্লাইট মেডিকেল সাপোর্ট সুবিধা দেওয়ায় ঢাকা–লন্ডন সরাসরি মেডিকেল ট্রান্সফারের জন্য বিশেষভাবে উপযোগী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি অনুযায়ী মেডিকেল বোর্ড আজ রাতেই বা মঙ্গলবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তিনি লন্ডনগামী ফ্লাইটে উঠতে পারবেন কি না।
সব প্রস্তুতি শেষ হলেও দলের নেতারা জানিয়েছেন, রোগীর নিরাপত্তা বিবেচনায় সময়সূচি নমনীয় রাখা হয়েছে।

