রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দারুণ সাফল্য: ৯ সিলভার, ২২ ব্রোঞ্জ

ডেস্ক রিপোর্ট।।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ–২০২৫–এ উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ গণিত দল। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা মোট ৯টি সিলভার ও ২২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া ৫ জন শিক্ষার্থী পেয়েছেন মেরিট সম্মাননা।

বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়, জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এই তিন ক্যাটাগরির প্রতিটিতেই বাংলাদেশের একটি করে দল বিশ্বের শীর্ষ ৩০ শতাংশ গণিত দলের তালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি দলভিত্তিক র‌্যাংকিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ব্যাংককের রয়্যাল থাই নেভি কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

এবার বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরিতে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়—

জুনিয়র ক্যাটাগরি: আগা খান অ্যাকাডেমি, বিএএফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সাউথ ব্রিজ স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫ শিক্ষার্থী।

ইন্টারমিডিয়েট ক্যাটাগরি: সেন্ট যোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মনিপুর স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী।

অ্যাডভান্সড ক্যাটাগরি: নটরডেম কলেজ, কুমিল্লা জিলা স্কুল, মাস্টারমাইন্ড, ভিকারুননিসা, হলিক্রসসহ ৯ শিক্ষার্থী।

প্রতিযোগিতায় তারা ব্যক্তিগত ও দলগত রাউন্ডে উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করে।

বাংলার ম্যাথের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর ন্যাশনাল রাউন্ড, অনলাইন সিলেকশন ও টিম সিলেকশন টেস্ট—এই তিন ধাপ পেরিয়ে চূড়ান্ত দল গঠন করা হয়। পরবর্তী দুই মাস ধরে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়।

বাংলার ম্যাথ জানায়, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের এই ধারাবাহিক সফলতা দেশের গণিতচর্চাকে আরও এগিয়ে নেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন