বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের অনুমতি পেতে সাম্প্রতিক সময়ে নানা জটিলতার মুখে পড়ছেন আয়োজকেরা। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ দেশে এসেও মঞ্চে উঠতে না পারার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় একই পরিণতি হতে বসেছিল দক্ষিণ এশিয়ার জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের ক্ষেত্রেও। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় আসছেন এই তারকা গায়ক।
আতিফ আসলামের অংশগ্রহণে দুটি আলাদা কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল দুটি প্রতিষ্ঠান—‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। দ্বৈত ঘোষণা ঘিরে অনুমতির জটিলতা তৈরি হলে আতিফের কনসার্ট নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। অবশেষে দুই আয়োজক যৌথভাবে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়ায় সমাধান আসে।
সংগঠকরা জানিয়েছেন, আসছে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে প্রধান আকর্ষণ থাকছেন আতিফ আসলাম।
‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, “শুরুর পরিকল্পনা ছিল একক আয়োজনের। কিন্তু পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত আমরা যৌথভাবে কনসার্টটি করার সিদ্ধান্ত নিই। সংস্কৃতি মন্ত্রণালয়ের সব অনুমতিই এখন সম্পন্ন। কনসার্ট হচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।”
এ ছাড়া আয়োজকেরা জানিয়েছেন, কনসার্ট থেকে প্রাপ্ত মোট লভ্যাংশের ৪০ শতাংশ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে, যা শহীদ, আহত এবং তাঁদের পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় হবে। এ বিষয়ে ২ নভেম্বর উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আতিফ আসলামের পাশাপাশি অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড ফুয়াদ, নেমেসিসসহ আরও কয়েকজন।

