সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এখনও ‘ওহি’তে নির্ধারিত হয় জনপ্রতিনিধি কে হবেন : গভর্নর

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের কোনো ভূমিকা নেই, বরং কেন্দ্র থেকে হঠাৎ সিদ্ধান্ত আসে—যেন ‘ওহি নাজিল’ হয়। এই কাঠামোই দেশে স্বৈরতন্ত্রের জন্ম দেয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের এক সেশনে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, “শেখ হাসিনা জননেত্রী হয়ে এসেছিলেন, কিন্তু আমরা সবাই মিলে তাকে স্বৈরাচার বানিয়েছি। দলের তৃণমূল নয়, কেন্দ্রই ঠিক করে দেয় কে নির্বাচনে প্রার্থী হবে—এভাবেই স্বৈরতন্ত্র তৈরি হয়।”

তিনি আরও বলেন, দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বড় ত্রুটি রয়েছে। ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও মূল্যবোধ যাচাই না করে বরং ‘মার্কা’ দেখে ভোট দেন। এতে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানুষ নির্বাচন ব্যবস্থায় জায়গা পায় না। “ড. কামাল, বি. চৌধুরী বা অন্য ভালো মানুষরা দাঁড়ালেও আমরা ভোট দিই না,” মন্তব্য করেন গভর্নর।

গণতন্ত্র প্রতিষ্ঠায় জবাবদিহিতার অভাবকে প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর নেতারা দায়িত্ববোধ ভুলে যান, আর জনগণও তাদের জবাবদিহি করতে পারে না। ফলে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থাই বদলে যায়।

মুক্তিযুদ্ধ পূর্ববর্তী মূল্যবোধ হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সাদা-কালো স্পষ্টভাবে বলার সংস্কৃতি ফিরে আনতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজকে সামনে এগিয়ে আসতে হবে। কোনো দলের প্রতি সমর্থন থাকা দোষের নয়, তবে ভুলকে ভুল বলা জরুরি।

গভর্নর আরও বলেন, “জনগণ নিজেদের অধিকার আদায় করতে না শিখলে, সরকারকে চ্যালেঞ্জ না করলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেআইনি আদেশ মানা বন্ধ না করলে এই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন