আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। নিবন্ধিত ১,৩৫৫ খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। তাদের মধ্যেই আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ই-মেইলে নিলামের সময়সূচি নিশ্চিত করেছে। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুরু হবে এই নিলাম।
মোট ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার ১১০ জন। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দলে মোট ৭৭টি স্লট খালি রয়েছে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রয়েছে ৩১টি। সবচেয়ে বেশি অর্থ হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের—৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনও ১৩ জন খেলোয়াড় (এর মধ্যে ৬ জন বিদেশি) দলে নিতে পারবে।
বাংলাদেশ থেকে নিলামের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন—
মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম।
প্রাথমিক তালিকায় থাকা সাকিব আল হাসান চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসারের আইপিএল অভিজ্ঞতা রয়েছে ৬০ ম্যাচের।
রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে রয়েছেন অন্য পাঁচ বাংলাদেশি ক্রিকেটারও।
চূড়ান্ত নিলামের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে ৩৫ জন ক্রিকেটারকে। এর মধ্যে সবচেয়ে বড় নাম দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে তার নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। এবার তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি—গত মেগা নিলামের তুলনায় অর্ধেক।
সাম্প্রতিক ফর্মে দারুণ থাকা ডি কক ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে আবারও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়িয়েছেন।
নতুন তালিকায় থাকা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে আছেন ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা এবং দুনিথ ভেল্লালাগে।
বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড খেলোয়াড়দের নিলামে তোলা হবে।

