বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচন তদন্ত কমিটি দ্রুত গঠন করতে প্রধান বিচারপতিকে অনুরোধ সিইসির অনুরোধ সিইসির

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রস্তুতিকে আরও গতিশীল করতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে তিনি দ্রুত নির্বাচনি তদন্ত কমিটি নিয়োগের অনুরোধ জানান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বিষয়টি নিশ্চিত করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে এটি ছিল সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ। তিনি এ মাসেই অবসরে যাচ্ছেন। আমরা নির্বাচনি কাজ নিয়ে একসঙ্গে অনেক সময় কাজ করেছি। তাই সম্মান জানাতেই এসেছিলাম।”

তবে নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ একটি অনুরোধও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, “নির্বাচনি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠনের কাজটি যেন দ্রুত সম্পন্ন করা হয়—এমন অনুরোধ করেছি। আদালত এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

নির্বাচনি অপরাধ বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া পরিচালনায় এসব তদন্ত কমিটি থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তফসিল ঘোষণার আগে থেকেই এসব কার্যক্রম প্রস্তুত রাখা প্রয়োজন বলে মনে করছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা।

আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ইতোমধ্যে ইসি সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনেও তফসিল ঘিরে উত্তেজনা ও প্রস্তুতি চলছে জোরেশোরে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন