বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভারত থেকে চাল আমদানিতে নতুন শুল্ক বিবেচনায় ট্রাম্প, দুই দেশের বাণিজ্য সম্পর্কে বাড়ছে উত্তাপ

ডেস্ক রিপোর্ট।।

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার মাঝেই নিউ দিল্লির বিরুদ্ধে নতুন শুল্কারোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ভারত থেকে চাল আমদানিকে লক্ষ্য করে বাড়তি শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প জিজ্ঞেস করেন,
“ভারতকে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হচ্ছে? তাদের শুল্ক দিতে হবে, কোনো ছাড় আছে কি?”

বেসেন্ট জানান, ভারতীয় চালের ওপর বর্তমানে কোনো শুল্ক ছাড় নেই এবং দুই দেশের বাণিজ্য আলোচনাও চলছে। এর পরই ট্রাম্প মন্তব্য করেন—
“ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।”

সাম্প্রতিক মাসগুলোতে শুল্ক ইস্যুতে ভারত–মার্কিন সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের কয়েকটি রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধাচরণ করে তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও ঘটেছে। একই সময় হায়দরাবাদে তার নামে সড়ক নামকরণ নিয়ে আলোচনাও তীব্র হয়।

ট্রাম্প বহুবার দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে অন্তত ৭–৮টি যুদ্ধ ঠেকিয়েছেন, যার মধ্যে ভারত–পাকিস্তান উত্তেজনা প্রশমনের কৃতিত্বও নিজের বলে প্রচার করেছেন। তিনি বলেন, বাণিজ্য আলোচনা কাজে লাগিয়েই সংঘাত থামানো হয়েছিল। তবে নিউ দিল্লি এই দাবি বারবার নাকচ করেছে।

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। দুই দেশের আলোচনায় এই শুল্ক কমতে পারে, এমন ইঙ্গিত দিলেও তার আগেই কৃষি পণ্য—বিশেষত চাল আমদানিতে—নতুন শুল্ক বসানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য ইস্যুতে এই চাপ–সৃষ্টির কৌশল যুক্তরাষ্ট্রের পুরোনো পদ্ধতি হলেও, ভারতের মতো বড় বাজারের সঙ্গে উত্তেজনা বাড়লে দুই দেশের কৌশলগত সম্পর্কেও প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতেও ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে—যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন