মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন শেখ হাসিনা, দ্রুত আরোগ্য কামনা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত আইএএনএস-এর প্রতিবেদনে জানানো হয়, সাক্ষাৎকারে খালেদা জিয়ার চলমান চিকিৎসা সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, “বেগম জিয়া অসুস্থ—এটা জেনে আমি অত্যন্ত মর্মাহত। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর, ২৭ নভেম্বর, তার পরিস্থিতি জটিল হয়ে উঠলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের মেডিকেল বোর্ডে যুক্ত স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। পরিবার ও দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া ও অনুমোদন জটিল হয়ে উঠেছে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন