সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দলে না রাখায় ব্যাট দিয়ে কোচকে মারধর, মাথায় ২০ সেলাই

ডেস্ক রিপোর্ট।।

পন্ডিচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরির (সিএপি) অনূর্ধ্ব-১৯ দলের কোচ এস ভেঙ্কটারামনকে মারধরের অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। দলে সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ওই তিন খেলোয়াড় কোচের ওপর চড়াও হন এবং ব্যাট দিয়ে আঘাত করলে তার মাথায় প্রায় ২০টি সেলাই দিতে হয়। গুরুতর জখম হওয়ার পর কোচ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর, সিএপি কমপ্লেক্সের ইন্ডোর নেট এলাকায়। অভিযোগ অনুযায়ী, ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ ও সন্তোষ কুমার হঠাৎ ইন্ডোর নেটে ঢুকে কোচকে অপমান করতে শুরু করেন। এরপর অরবিন্দরাজ তাকে ধরে রাখেন এবং সন্তোষের আনা ব্যাট দিয়ে কার্তিকেয়ন ধারাবাহিকভাবে আঘাত করেন। ভেঙ্কটারামনের দাবি—এটি কেবল মারধর নয়, তাকে খুনেরও চেষ্টা করা হয়েছিল।

সেদরাপেট থানায় করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্ত ক্রিকেটারকে খুঁজছে। সাব-ইনস্পেক্টর এস রাজেশ জানান, ভেঙ্কটারামনের কপালে ২০টি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের আরও কয়েকটি স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল।

এ ঘটনাটি ঘটে এমন এক সময়, যখন ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ পন্ডিচেরি ক্রিকেটে অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে বাইরের রাজ্যের খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়ে ধারাবাহিক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগ উঠেছে—নকল আধার কার্ড তৈরি করে স্থানীয় ক্রিকেটারদের বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে, আর এতে জড়িত রয়েছেন রাজ্য সংস্থার একাধিক কর্তা ও ব্যবসায়ী।

কোচের অভিযোগ অনুযায়ী, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বাদ পড়ার জন্য ওই তিন ক্রিকেটার তাকে দায়ী করে এবং এ থেকেই হামলার সূত্রপাত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন