মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাশরের ময়দানে দাঁড়িপাল্লা থাকবে, ধানের শীষ-নৌকা-লাঙ্গল থাকবে না: ব্যারিস্টার শাহরিয়ার কবির

ডেস্ক রিপোর্ট।।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, পৃথিবী কেন- আসমান জমিনে কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখে। হাশরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না।

তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক (আল্লাহর একটি গুণবাচক নাম) যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াতে ইসলামীর হাতে- তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন অভিযোগসংক্রান্ত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

শাহরিয়ার কবির দাবি করেন, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমে যাচ্ছে—এ ধরনের মতের সঙ্গে তিনি একমত নন। দীর্ঘদিন টেলিভিশন আলোচনায় অংশ নেওয়ার অভিজ্ঞতায় তার মনে হয়েছে, “মিথ্যা শুনতে শুনতে কান অসাড় হয়ে গেছে।”

বক্তব্যে তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগ বা মুসলিম লীগের আলাদা ভোট নেই। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না; সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ—তিনি যাকে চান, তাকে ক্ষমতা দেন।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম প্রধান বক্তা ছিলেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা ও গুম–ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, “২০২৪ সালে দেশের পরিস্থিতি এরকম হবে—তা কেউ অনুমান করেনি। গত ১৫ বছর আন্দোলন করেও বড় ধরনের পরিবর্তন আনা যায়নি, কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে গেছে।”

তিনি দাবি করেন, দেশের জন্য ইসলামি শাসনব্যবস্থাই একমাত্র বিকল্প হতে পারে। “যদি কেউ ভালো বিকল্প দেখাতে পারেন, সেটি প্রতিষ্ঠা করুন। আর যদি মনে হয় জামায়াত ভালো, তাহলে তাদের ভোট দিন—ইসলাম কায়েম করা ফরজে কেফায়া।”

সামাজিক মাধ্যমে ‘বট বাহিনী’ সমালোচনার জবাবে তিনি বলেন, ১৯৭২–৭৫ সময়কালে ইসলাম অনুপস্থিত থাকায় নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেন না। তার মতে, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা হলে নারীর নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও দাবি করেন, “বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক—এটা ভারত চায় না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন