বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লক্ষ্মীপুরে হোটেলে বাসি-দূষিত খাবার ও গরুর চর্বির তেল ব্যবহারে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

লক্ষ্মীপুরে একটি হোটেলে বিভিন্ন তরকারি রান্নায় জমানো গরুর চর্বির তেল ব্যবহার এবং পচা–বাসি খাবার বিক্রির অভিযোগে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সদর হাসপাতালের সামনে অবস্থিত বিসমিল্লাহ হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, হোটেলটিতে রান্নার জন্য ব্যবহৃত তেল হিসেবে জমানো গরুর চর্বি রাখা ছিল। সেই তেলেই রান্না করা হতো মাছ, মুরগির মাংসসহ বিভিন্ন তরকারি। এছাড়া ফ্রিজ থেকে বাসি মাছ-মাংস, এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি জব্দ করা হয়। পরে এসব নষ্ট খাবার ধ্বংস করা হয়।

একই অভিযানে হাসপাতালে সংলগ্ন একতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমুধু চক্রবর্তী বলেন,
“হাসপাতালের রোগী ও স্বজনরা এখানে খাবার খায়। অথচ হোটেলটির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। ফ্রিজে বাসি খাবার রাখা হয়েছিল, আর রান্নায় ব্যবহৃত হচ্ছিল গরুর চর্বির তেল—যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।”

তিনি আরও জানান, দুই দোকানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সঠিকভাবে খাদ্য নিরাপত্তা মানতে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অভিযানে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন