বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মৎস্য অধিদপ্তরকে টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে: মৎস্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্রাজিলসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘Community-based Climate Resilient Fisheries and Aquaculture Development in Bangladesh’ শীর্ষক টার্মিনাল ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “কোনো প্রকল্পের একটি নির্ধারিত সমাপ্তি থাকতে পারে, কিন্তু এর উদ্দেশ্য অর্জন, মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা—এগুলোই প্রকৃত সাফল্য নির্দেশ করে।”

ফরিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তন এখন স্থায়ী সংকটে রূপ নিয়েছে। ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় বৈশ্বিক কার্বন নিঃসরণ কমছে না। “শুধু অভিযোজন নয়, একইসঙ্গে মিটিগেশনও শক্তভাবে চালিয়ে যেতে হবে,”—বলেন তিনি।

তিনি জানান, দেশের দক্ষিণাঞ্চল—বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল মৎস্য খাত বিস্তারে আরও উদ্যোগ প্রয়োজন। বাগদা–গলদা চিংড়ির বন্য বৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকাশক্তি বাড়ানোর কাজ একসঙ্গে করতে হবে।

উপদেষ্টা বলেন, “বাংলার মানুষ প্রতিনিয়ত নিজেদের শক্তি, হাসি আর সৃজনশীলতা দিয়ে প্রমাণ করছে তারা জন্মগতভাবেই জলবায়ু-সহনশীল একটি জাতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্জো। ওয়ার্কশপের সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন