বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে অবস্থিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। বুধবার (১০ ডিসেম্বর) তিনি ডিপোর বিভিন্ন আধুনিক সুবিধা ও কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিপোর অত্যাধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশবান্ধব পরিচালনা ও উন্নত কন্টেইনার হ্যান্ডলিং প্রযুক্তি সরাসরি পর্যবেক্ষণ করেন। ডিপোতে ব্যবহৃত অটোমেশন, রিয়েল-টাইম অপারেশনস মনিটরিং এবং কঠোর নিরাপত্তা প্রটোকল তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, এ ধরনের আধুনিকায়ন দুই দেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
পরিদর্শন শেষে ইউরিস ভান বোমেল আরও বলেন, “বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিএম কন্টেইনার ডিপো দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। এখানে প্রযুক্তি, নিরাপত্তা এবং দক্ষতার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক হাব গড়ে উঠেছে।” তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য, উন্নত লজিস্টিকস ব্যবস্থা ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভবিষ্যৎ সহযোগিতা আরও বাড়াবে।
রাষ্ট্রদূতের সঙ্গে সফরে ছিলেন নেদারল্যান্ডসের ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ক্যাপ্টেন জর্ডি ক্লেইন এবং ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার মুন্নুজান খানম।
উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানান স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান খান। তিনি ডিপোর কৌশলগত পরিকল্পনা, আধুনিক অটোমেশন ব্যবস্থা, নিরাপত্তা কাঠামো ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিএম কন্টেইনার ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান, ডিজিএম মোহাম্মদ নুরুল আক্তার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ হাসান তারেক, ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

