বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট।।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ নতুন পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য রেজিস্ট্রার ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে, ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশের খসড়া ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল অধ্যাদেশের খসড়া, সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস-এর সম্ভাব্য সংস্কার।

সুপ্রিম কোর্ট জানায়, অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। এই উদ্যোগের মাধ্যমে হাইকোর্ট বিভাগের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন