সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পোশাক খাতে শ্রমিকদের জন্য ডিজিটাল হাসপাতাল প্রকল্প শুরু

ডেস্ক রিপোর্ট।।

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা বৃদ্ধি করতে একটি ডিজিটাল হাসপাতাল প্রকল্প শুরু হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে নুভিস্তা ফার্মা পিএলসি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও অলওয়েল বিডি লিমিটেড।

বুধবার (১০ ডিসেম্বর) তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নুভিস্তা ফার্মার এমডি এসএম রাব্বুর রেজা বলেন, “প্রতি শ্রমিকেরই মানসম্মত ও সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। বিশেষ করে নারী শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ।”

প্রকল্পের অধীনে নুভিস্তা ফার্মা রেফারেল নেটওয়ার্কের মাধ্যমে স্ত্রীরোগ, প্রজনন স্বাস্থ্য ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিশ্চিত করবে। অলওয়েল বিডি লিমিটেড ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা করবে, যা ২৪ ঘণ্টা পরামর্শ, নিরাপদ ইলেকট্রনিক স্বাস্থ্যরেকর্ড (ইএইচআর) ব্যবস্থাপনা, ফলোআপ এবং সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করবে।

বিজিএমইএ কারখানাগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণ, মানবসম্পদ ও কমপ্লায়েন্স টিমের সহায়তা এবং শ্রমিকদের সঙ্গে কার্যকর যোগাযোগের দায়িত্বে থাকবে। বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবা কারখানার ভেতরে পৌঁছালে অপ্রয়োজনীয় স্বাস্থ্যঝুঁকি কমবে এবং শ্রমিকদের সামগ্রিক সুস্থতা বৃদ্ধি পাবে।”

প্রকল্পের প্রথম ধাপে নির্বাচিত পাঁচ হাজার শ্রমিক ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আসবে এবং তিন মাসের মধ্যে এটি ১০ হাজার শ্রমিক পর্যন্ত সম্প্রসারণ করা হবে। অংশগ্রহণকারীরা এক বছরের জন্য সেবা পাবেন। ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি প্রতিবেদন ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে প্রকল্পের মান এবং সম্প্রসারণযোগ্যতা যাচাই করা হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্রভিত্তিক স্বাস্থ্যসেবার নতুন মানদণ্ড স্থাপন করবে এবং শ্রমিকদের সুস্বাস্থ্য, উপস্থিতি বৃদ্ধি ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন