বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে প্রচারিত পূর্ব রেকর্ডকৃত ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের সূচি ঘোষণা করেন।

তফসিল ঘোষণার আগে গত কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত সময় কাটায় নির্বাচন কমিশন।

৯ ডিসেম্বর সিইসি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রস্তুতি ও আইনগত বিষয় নিয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।

গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেলেই তফসিলের ভাষণ রেকর্ডের কাজ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তফসিলের সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন, আইনশৃঙ্খলা সেল ও মনিটরিং সেল গঠন, মোবাইল কোর্ট ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, নির্বাচনসংক্রান্ত প্রায় ২০টি পরিপত্র জারি।

এছাড়া ইসি নিশ্চিত করেছে, পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত করা দলগুলোর প্রতীক থাকবে না।

ইসি সূত্র জানায়, নির্বাচনী অনিয়ম বা সহিংসতার কারণে যেসব কেন্দ্রে ভোট স্থগিত হতে পারে, সেগুলো এক সপ্তাহের মধ্যেই পুনরায় ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি রাখা হচ্ছে। রমজান শুরু হওয়ার আগেই সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করার ইচ্ছা রয়েছে কমিশনের।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে ১২টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সরকার গঠন করেছে ৬ বার, বিএনপি ৪ বার, জাতীয় পার্টি ২ বার।

রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। তবে সপ্তম থেকে একাদশ সংসদ পর্যন্ত পুরো মেয়াদ কাটিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন