রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চার দলের প্রস্তাব নিয়ে ভাবনায় হিরো আলম

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশাল মিডিয়া তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। অতীতের মতো এবারও তিনি এমপি প্রার্থী হিসেবে মাঠে নামছেন; তবে প্রথমবারের মতো স্বতন্ত্র নয়, দলীয় প্রতীকে লড়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তিনি।

তফসিল ঘোষণার পর থেকেই তিনি আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা এখনও চূড়ান্ত করেননি হিরো আলম। কারণ, চারটি রাজনৈতিক দল ইতোমধ্যে তাকে মনোনয়ন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

হিরো আলম জানান, “স্বতন্ত্র হিসেবে আমি একাধিক নির্বাচন করেছি। এবার কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীক নিয়ে লড়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। সময় হলে জানাবো কোন দল থেকে লড়ব।”

তিনি জানান, চারটি দলের প্রতিনিধিরা সরাসরি তার সঙ্গে দেখা করেছেন ও ফোনে কথা বলেছেন। মনোনয়নের আশ্বাসও দেওয়া হয়েছে, তবে তিনি এখনো কাউকেই চূড়ান্ত সম্মতি দেননি।

হিরো আলম যে চারটি দলের নাম উল্লেখ করেছেন সেগুলো হলো—

গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ শ্রমজীবী পার্টি

তার ভাষায়, “দল যেটাই হোক, আমার লক্ষ্য একটাই—মানুষের পাশে থাকা। যে দলই আমাকে নেবে, জনগণের জন্য কাজ করার সুযোগ হলেই আমি সন্তুষ্ট।”

রাজনীতিতে নিয়মিত উপস্থিতি, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা এবং সাহসী বক্তব্যের কারণে হিরো আলম বারবার আলোচনায় আসেন। দলীয় প্রতীকে নির্বাচন করলে তার রাজনৈতিক ক্যারিয়ারে এবার একটি নতুন অধ্যায় যুক্ত হতে পারে—এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন