রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। একই সঙ্গে তিনি দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।
শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান লিখেছেন,
“নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা। জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শেফা দান করুন।”
তিনি আরও উল্লেখ করেছেন, “এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমরা কেউই নিরাপদ নই। ইন্টেরিম! পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।”
ঘটনার পর দুপুর ২টা ৩৫ মিনিটে হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়েছেন।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে হাদীকে গুলি করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

