রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, হাদিকে হামলার আগে ভারতীয় নম্বর থেকে বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী বলেন,
“হাদি এর আগেও বারবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। গত কয়েকদিন ধরে তাকে একের পর এক খুনের হুমকি দেওয়া হচ্ছিল, আর আজকের হামলা সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করে দিলো।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা এখনও নিশ্চিত নই কে এই হামলা করেছে। তবে যারাই হোক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধুমাত্র একজন প্রার্থীর উপর নয়, এটি বিরোধী কণ্ঠকে দমানোর চেষ্টা।”
ফারুকী হাদির দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, “গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।”
এর আগে হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি ‘লাইফ সাপোর্ট’-এ আছেন। হামলার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

