বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নিজেই মনোনয়নপত্র জমা দেবেন। শুক্রবার বিকেলে নগরীর মেহেদীবাগে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
“নির্বাচন বানচালের ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। কিন্তু নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে—এটি কেউ ঠেকাতে পারবে না।”
আমীর খসরু দাবি করেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষায় আছে, এবং ১৭ বছর পর জনগণ তাদের অধিকার প্রয়োগ করবে। তাঁর ভাষ্য,
“সারাদেশে ধানের শীষের গণজোয়ার শুরু হয়েছে। এই নির্বাচনে জনগণই হবে সিদ্ধান্তের মালিক।”
বিএনপির এই সিনিয়র নেতা বলেন,
“গণতন্ত্রের পথ থেকে বিএনপিকে কেউ সরাতে পারেনি। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি, এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

