আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে দলটি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
শুক্রবার বিকালে বিএনপির মিডিয়া সেলে ঘোষিত কর্মসূচিতে জানানো হয়—
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ঘোষণায় বলা হয়, “নির্বাচনী প্রার্থীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এর আগে দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে প্রচারণাকালে শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি এখনো তার মাথার ভেতরে রয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

