দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন,
“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন। বিএনপি তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।”
২০০৭ সালের এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন।
২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে সপরিবারে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা সাজাসহ বিভিন্ন মামলার রায় বাতিল বা অব্যাহতির পর দেশে ফেরার আলোচনা গতি পায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন–মরণ সংকট সৃষ্টি হলে তারেক রহমানের দেশে ফেরার জোর আলোচনা শুরু হয়। এ সময় লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন—
“এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত কেবল আমার একার নয়।”
সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে তার দেশে ফিরতে কোনো বাধা নেই।

