বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইমরান খানের নির্দেশে রাজনৈতিক কমিটি পুনর্গঠন করলো পিটিআই

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের রাজনৈতিক কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই কমিটিতে মোট ২৩ জন সদস্য রয়েছেন, যেখানে তেহরিক তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এর প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব সালমান আকরাম রাজা ও অতিরিক্ত মহাসচিব ফিরদৌস শামিম নকভি।

আগের প্রায় ৪০ সদস্যের কমিটির তুলনায় নতুন কমিটি দলটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করবে। এটি পিটিআই-এর বিভিন্ন শাখা ও অন্যান্য কমিটির কার্যক্রম তদারক করার পাশাপাশি জাতীয় সংসদ, সিনেট ও প্রাদেশিক পরিষদসমূহে দলের নীতিমালা নির্ধারণ করবে।

কমিটির সদস্যদের মধ্যে আছেন: পিটিআই চেয়ারম্যান গওহার আলী খান, মহাসচিব সালমান আকরাম রাজা, শামিম নকভি, শেখ ওয়াকাস আকরাম, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, আল্লামা রাজা নাসির আব্বাস এবং মাহমুদ খান আছাকজাই। এছাড়া ওমর আইয়ুব, শিবলি ফারাজ, মইন কুরেশি, মালিক আহমদ খান ভাচার, সাজ্জাদ বুরকি, আলিয়া হামজা, জুনেইদ আকবর, হালিম আদিল শেখ, দাউদ কাকার, খালিদ খুরশীদ, সরদার কাইয়ুম নিয়াজি, আসাদ কাইসার, আমির দোগার, ফাওজিয়া আরশাদ, কানওয়াল শাওজাব এবং লাল চাঁদ মালহি কমিটিতে রয়েছেন।

তবে নতুন কমিটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। পিটিআইয়ের সাবেক তথ্য সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর দাবি করেছেন, ২৩ সদস্যের নতুন রাজনৈতিক কমিটি গঠন “অসংবিধানিক, অবৈধ এবং সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন”। তিনি উল্লেখ করেন, তৎকালীন প্রধান বিচারপতি সাকিব নিসারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল যে কোনো দণ্ডিত ব্যক্তি সরাসরি বা পরোক্ষভাবে রাজনীতিতে অংশ নিতে পারবেন না।

বাবর আরও বলেন, নতুন কমিটি প্রতিষ্ঠা হয়েছে “পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নির্দেশে”, যিনি আদালত কর্তৃক দণ্ডিত। পাকিস্তান নির্বাচন কমিশনও লিখিতভাবে জানিয়েছে, বর্তমানে পিটিআইয়ের কোনো কর্মকর্তা বা সংগঠন আইনগতভাবে বৈধ নয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন