রাজধানীর মগবাজারে শনিবার সকালেই বিএনপির সাবেক এমপি এবং মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে ফরম পূরণ করে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে নিবন্ধিত হন।
কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মেজর আখতার। ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। ২০২২ সালে বিএনপির সদস্যপদ থেকে দ্বিতীয়বারের মতো বহিষ্কার হওয়ার পর থেকে বিএনপিতে ফিরতে পারেননি।
জামায়াতের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর আখতারুজ্জামান দলের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত অবস্থানের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এছাড়া দলের নিয়মনীতি, আদর্শ, শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেছেন।
যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

