বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন কোনোভাবেই সহজ হবে না এবং এর পেছনে ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে আগেই দেওয়া তাঁর আশঙ্কা ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ধারাবাহিক কর্মশালার সপ্তম দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। কর্মশালায় বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকায় বিএনপির প্রার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনাসহ সাম্প্রতিক সহিংসতা প্রমাণ করে যে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না আনলে দেশ গভীর সংকটে পড়বে। অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার দেশকে সংকট থেকে উত্তরণ ঘটিয়েছে।
তারেক রহমান আরও বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে আতঙ্কিত না হয়ে জনগণকে সাহস দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষায়, বিএনপি যত বেশি ঐক্যবদ্ধ হবে এবং গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে, ষড়যন্ত্রকারীরা ততটাই পিছিয়ে যেতে বাধ্য হবে।
কর্মশালায় তারেক রহমান বিএনপির প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা মোকাবিলা, তথ্যপ্রযুক্তির প্রসার এবং পরিবেশ দূষণ রোধে পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এখন সময় এসেছে ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে ভাবার নয়, বরং দেশ ও জাতির জন্য কতটুকু করা যায় সে চিন্তা করার। দেশ ও জনগণের কল্যাণে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুন্দর বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঘরে বসে থাকার সময় শেষ। এই রাজনৈতিক লড়াইয়ে জয়ী হতে হলে জনগণকে সঙ্গে নিয়েই এগোতে হবে—এর কোনো বিকল্প নেই।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

