বেলারুশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পোল্যান্ডে ঢোকার সময় ১৮০ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তবর্তী নরেভকা এলাকায় একটি ড্যামের নিচে খনন করা টানেলের মাধ্যমে তারা পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিল।
পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, সমন্বিত ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ভারত, নেপাল ও বাংলাদেশের কয়েকজন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে ইউরো নিউজ।
সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি বনাঞ্চলে টানেলটি খনন করা হয়েছিল। প্রায় ১০০ মিটার দীর্ঘ এবং আনুমানিক দেড় মিটার উচ্চতার ওই টানেলের মুখ পোল্যান্ডের অভ্যন্তরে সীমান্তের প্রায় ১০ মিটার ভেতরে গিয়ে শেষ হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশিক্ষিত ট্র্যাকিং কুকুর অংশ নেয়। এতে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ অবৈধ অভিবাসীকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মানবপাচারের অভিযোগে দুই জন চালককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন ৬৯ বছর বয়সি পোলিশ নাগরিক এবং অন্যজন ৪৯ বছর বয়সি লিথুয়ানিয়ার নাগরিক। সীমান্তরক্ষীদের দাবি, তারা অবৈধ অভিবাসীদের পশ্চিম ইউরোপে পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
পোল্যান্ডের পডলাসি অঞ্চলের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের চারটি টানেল শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ইলেকট্রনিক নজরদারি ও শক্তিশালী শারীরিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সীমান্ত অতিক্রমের এসব প্রচেষ্টা দ্রুত প্রতিহত করা সম্ভব হচ্ছে।
