বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এক জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ডাকাতরা ঘরে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।
প্রবাসীর বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর জানান, ডাকাতরা ছাদে উঠে গেট ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে বেঁধে ফেলে। পরে বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে লুটপাট করে চলে যায়।
প্রবাসীর ভাই খন্দকার মাইনুল ইসলাম জানিয়েছেন, ডাকাতরা তার কক্ষও তছনছ করেছে এবং পুলিশকে জানানোর পরও হত্যার হুমকি দিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
এর আগে ৯ ডিসেম্বর দিনদুপুরে বাগেরহাট শহরের অন্য প্রবাসী সাংবাদিকের বাড়িতেও তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

