বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনাক্ত ব্যক্তিরা হলেন— ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ গুলি ছোড়েন এবং আলমগীর শেখ মোটরসাইকেল চালকের ভূমিকায় ছিলেন।

তিনি বলেন, “দুজনের কেউই এখনো দেশ ছেড়ে পালিয়েছে—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে সম্ভাব্য পলায়ন ঠেকাতে সীমান্ত এলাকা, বিজিবি এবং দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে।”

পুলিশ জানায়, সন্দেহভাজনদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, সম্মুখসারির জুলাই যোদ্ধা ও নির্বাচনে অংশ নিতে পারেন—এমন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী থ্রেট অ্যানালাইসিস করে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল জানিয়েছে, সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ও আইটি খাতের সংগঠন বেসিসের সদস্য।

হামলাকারীদের ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে ওসমান হাদিকে গুরুতর আহত করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন