সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা, শেষ ম্যাচে হারলেও আবেগঘন মুহূর্তে ভাসল রিং

ডেস্ক রিপোর্ট।।

ডব্লিউডব্লিউই রিংয়ে আর দেখা যাবে না কিংবদন্তি রেসলার জন সিনা। শনিবার রাতে নিজের ক্যারিয়ারের শেষ প্রফেশনাল ম্যাচ খেলেই আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন তিনি। তবে বিদায়ের রাতটা জয়ের রঙে রাঙানো হয়নি সিনার। জীবনের শেষ ম্যাচে গান্থারের কাছে ট্যাপ আউট করে পরাজয় মেনে নিতে হয় তাকে।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন। চোখে জল নিয়ে দর্শকদের উদ্দেশে স্যালুট জানান সিনা এবং দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গান্থারের সাবমিশন হোল্ডে আটকে পড়ে আত্মসমর্পণ করতে হয় সিনাকে—যা তার দীর্ঘ ক্যারিয়ারে অত্যন্ত বিরল দৃশ্য। ধারণা করা হচ্ছে, গত প্রায় ২০ বছরে এটি তার অন্যতম ব্যতিক্রমী ও স্মরণীয় পরাজয়।

শেষ ম্যাচের পর ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ সিনার সম্মানে একটি বিশেষ ভিডিও প্যাকেজ প্রদর্শন করে, যেখানে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরা হয়। এরপর মাইক হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। বলেন, “আপনাদের সম্মান ও ভালোবাসা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।”

বিদায় মুহূর্তে রিংয়ে হাজির হন কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যামসহ একাধিক কিংবদন্তি রেসলার। শোর আগেই দ্য রক ও কেনের মতো তারকারাও সামাজিক মাধ্যমে সিনাকে শুভেচ্ছা জানান।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেক হওয়া জন সিনা ইতিহাস গড়েছেন ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে, যা এখনো রেকর্ড। রেসলিংয়ের বাইরে তিনি হলিউড অভিনেতা হিসেবেও পরিচিত মুখ। পাশাপাশি লেখালেখি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

হার দিয়ে শেষ হলেও, জন সিনার বিদায় ডব্লিউডব্লিউই ইতিহাসে থেকে যাবে একটি আবেগঘন ও সম্মানজনক অধ্যায় হিসেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন