বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাদির হামলার সন্দেহভাজনরা ভারতে পালালে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টার অভিযোগ তোলে ঢাকা। এসব বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।

এদিকে, হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এরপর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের ভাষ্য, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে এবং একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন