জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় গণসংযোগ চালানোর সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা আব্দুল হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর তিনি কিছুটা অসুস্থ বোধ করলেও প্রাথমিকভাবে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বিশ্রামে যান।
আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় দ্রুতগতির একটি অটোরিকশা হান্নান মাসউদের শরীরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার পায়ে আঘাত লাগে। পরে এক্স-রে করা হলে কোনো ধরনের হাড় ভাঙার প্রমাণ পাওয়া যায়নি। তবে আঘাতপ্রাপ্ত পা ফুলে গেছে বলে জানান চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আব্দুল হান্নান মাসউদ বর্তমানে ওষুধ সেবন করছেন এবং কয়েকদিন বেড রেস্টে থাকবেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে পুনরায় গণসংযোগে ফেরার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে কারও কোনো গাফিলতি বা ষড়যন্ত্র নেই। অটোরিকশাচালক অল্প বয়সী ছিলেন এবং অসাবধানতাবশত ঘটনাটি ঘটে। বর্তমানে আমি আশঙ্কামুক্ত রয়েছি।

