ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি একটি সুপরিচিত আলেম পরিবারে জন্মগ্রহণ করেছেন। কোরআন-হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারে প্রায় সবাই ইসলামী শিক্ষার সঙ্গে যুক্ত।
হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। তিন ভাই ও তিন বোনের মধ্যে হাদি সবার ছোট। তার বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী সরফুদ্দিন আহম্মেদ সান্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেঝো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত।
তিন বোনের মধ্যেও ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা রয়েছে। বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং আশ্রাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজো বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
শিক্ষাজীবনের শুরু ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ও সাহসী ভূমিকার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন টকশো ও ইনকিলাব মঞ্চের সভা-সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি আলোচিত হয়ে ওঠেন।
জীবন সংগ্রামে হাদি একসময় প্রাইভেট পড়ানো দিয়ে পথচলা শুরু করেন। পরে সাইফুরসসহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। সবশেষ তিনি ইউনিভার্সিটি অব স্কলারস নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তিনি বরিশালের রহমতপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নলছিটি পৌর এলাকার বাসিন্দা শাহাদাত আলম ফকির বলেন, “হাদি আমাদের এলাকার গর্ব। ন্যায় ও ইনসাফের পক্ষে সে সবসময় সোচ্চার ছিল। তার ওপর হামলার ঘটনায় আমরা মর্মাহত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, “হাদির পরিবার ইসলামী শিক্ষায় গড়া। সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের জীবনের মূল লক্ষ্য।”
হাদির বোন মাসুমা বেগম অভিযোগ করে বলেন, তার ভাই দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি অবস্থানের কারণেই শত্রুদের টার্গেটে পরিণত হয়েছেন। একই সুরে কথা বলেন তার ভগ্নিপতি মাওলানা মনির হোসেন। তিনি বলেন, “হাদি কথা ও কাজে একই রকম। রাজনীতিতে স্বচ্ছতা প্রতিষ্ঠাই ছিল তার লক্ষ্য।”
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ছাত্রজীবন থেকেই হাদি অত্যন্ত মেধাবী ও প্রতিবাদী ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছিল তার স্বভাব।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় চলার সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে হাদিকে আহত করে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

