আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে। কোন দল থেকে তারা নির্বাচনে অংশ নেবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
বিএনপি কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই দুই দলের যেকোনো একটিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, বিএনপিতে যোগ দিয়ে আসিফ মাহমুদ ঢাকা-১০ এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে এই দুটি আসনেই ইতোমধ্যে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এর মধ্যেই শনিবার নতুন করে আলোচনা শুরু হয়—আসিফ ও মাহফুজ এনসিপিতে যোগ দিতে পারেন। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এই দুই ছাত্রনেতাকে দলে স্বাগত জানাতে এনসিপি প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পোস্টের ক্যাপশনে তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
অন্যদিকে মাহফুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, মাহফুজ লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে তিনি কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিক-উস-সালেহীন বলেন, আসিফ ও মাহফুজ জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা এবং এনসিপির সহযোদ্ধা। তারা যদি এনসিপিতে যোগ দেন, দল তাদের স্বাগত জানাবে। তবে তারা কোন দলে যাচ্ছেন, সে বিষয়ে এনসিপি এখনো নিশ্চিত নয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে ১২৫টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং বাকি আসনগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে। দলটি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
এনসিপির একাধিক নেতা মনে করছেন, সাবেক এই দুই ছাত্র উপদেষ্টা যদি অন্য কোনো দল থেকে নির্বাচনে অংশ নেন, তাহলে তা জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে। এনসিপি ও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মহলের প্রত্যাশা—আসিফ ও মাহফুজ এনসিপিতেই যোগ দিয়ে নির্ধারিত আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে ছাত্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, আসিফ এখন জনতার কাতারে এসেছেন এবং এনসিপি তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
এদিকে দলের একাংশের মতে, রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের জন্য এনসিপিতেই যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। তারা দলে এলে কোন পদে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে।

